শুক্রবার ৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Every government hospital in the country will be made free of middlemen- Health Minister
দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী/ছবি: সংগৃহীত

দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সিলেটের হাসপাতালগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ড্রেনেজ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার যাবতীয় সমস্যা সাত দিনের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সাখাওয়াত হোসেন বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্য, একটি চক্র রোগীদের মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। এই দালাল চক্রকে ধরার জন্য ডিজিএফআই, র‌্যাবসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে।’

তিনি বলেন, ইতোমধ্যে দেশের বহু হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানের ফলে আগের তুলনায় হাসপাতালগুলোতে দালালদের উৎপাত কমেছে।

অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জেলাগুলোতে জেলা প্রশাসক (ডিসি) ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ক্লিনিক সিলগালা করা হচ্ছে।

তিনি আরও বলেন, যেসব ক্লিনিকে অবৈধ চিকিৎসক ও ভুয়া সনদধারী টেকনিশিয়ান দিয়ে অস্ত্রোপচারসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে, সেসব প্রতিষ্ঠানও সিলগালা করা হচ্ছে। তিনি নিজে এসব প্রতিষ্ঠানের তালিকা সংগ্রহ করছেন এবং অভিযান পরিচালনার বিষয়টি তদারকি করছেন।

হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত এক মাসে তিনি ২৫টির বেশি হাসপাতাল পরিদর্শন করেছেন। এসব পরিদর্শনে চিকিৎসকদের শতভাগ উপস্থিতি পাওয়া গেছে।

তিনি বলেন, চিকিৎসকদের আচরণ এবং হাসপাতালের খাবারের মানও আগের তুলনায় উন্নত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে রোগীদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে অব্যবস্থাপনা, দালাল চক্র ও অবৈধ চিকিৎসাসেবার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন