বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬

দেশে এখনো সাড়ে তিন কোটি মানুষ দরিদ্র, চরম দারিদ্র্যে এক কোটি: সিপিডি

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - 35 million people in the country are still poor, with 10 million living in extreme poverty- CPD
দেশে এখনো সাড়ে তিন কোটি মানুষ দরিদ্র, চরম দারিদ্র্যে এক কোটি: সিপিডি/ছবি: সংগৃহীত

বাংলাদেশে দারিদ্র্যের হার কমলেও দরিদ্র মানুষের সংখ্যা প্রত্যাশিতভাবে কমছে না। বর্তমানে দেশে প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। তাঁদের মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের শিকার। এ ছাড়া দারিদ্র্যসীমার ওপরে থাকা অন্তত দুই কোটি মানুষ এখনো দারিদ্র্যের ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে সর্বদলীয় সংসদীয় ককাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দেশের দারিদ্র্য পরিস্থিতি তুলে ধরে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ১৮ কোটি মানুষের দেশে এখনো প্রায় সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছেন। তাঁদের মধ্যে প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন। পাশাপাশি দারিদ্র্যসীমার ওপরে উঠে আসা অন্তত দুই কোটি মানুষও অনিশ্চিত জীবনযাপন করছেন। তাঁরা মাত্র দুই দিন কাজ করতে না পারলেই আবার দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে পড়তে পারেন। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রকাশিত শ্বেতপত্রেও এ পরিস্থিতির প্রতিফলন রয়েছে।

তিনি বলেন, গত ৫৫ বছরে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কিন্তু অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে সামাজিক রূপান্তর ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটেনি। এর অন্যতম কারণ, সমাজের সবচেয়ে অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে অর্থনীতি ও সমাজের মূলধারায় যথাযথভাবে যুক্ত করা সম্ভব হয়নি।

যুব বেকারত্বের বিষয়টি তুলে ধরে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশে প্রতি চারজন যুবকের একজন বেকার। শিক্ষিত যুবকদের ক্ষেত্রে এ হার আরও বেশি, প্রতি তিনজনে একজন। অন্যদিকে, দেশের মানুষের গড় আয়ু প্রায় ৭৪ বছরে উন্নীত হওয়াকে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি। তবে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে শিশুমৃত্যুর হার এখনো বেশি। এ ছাড়া এসব পরিবারের শিশুদের মধ্যে বিদ্যালয় থেকে ঝরে পড়া ও শিশুশ্রমের প্রবণতাও রয়েছে।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মী, শারীরিক প্রতিবন্ধী, উত্তরবঙ্গের মরুকরণপ্রবণ এলাকার বাসিন্দা এবং উপকূলীয় জনগোষ্ঠীসহ সমাজের বিভিন্ন অবহেলিত অংশ শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। দেশের সামগ্রিক উন্নয়ন হলেও এসব মানুষের কাছে উন্নয়নের সুফল সমানভাবে পৌঁছাচ্ছে না।

সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সবচেয়ে বেশি অপশাসন, দুর্নীতি ও স্বজনপ্রীতির শিকার হচ্ছে উল্লেখ করে দেবপ্রিয় বলেন, প্রশাসন, রাজনৈতিক কাঠামো এমনকি নাগরিক সমাজ থেকেও অনেক সময় তারা যথাযথ মর্যাদা ও ন্যায্যতা পায় না।

সমাজের অগ্রসর শ্রেণির মানুষ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষায় সোচ্চার না হলে একসময় তাঁদের নিজেদের অর্জনও ঝুঁকির মুখে পড়বে বলে সতর্ক করেন তিনি। এর ফলে গণতন্ত্র, উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব শুধু নাগরিক সমাজ কিংবা বেসরকারি উদ্যোক্তাদের নয়, জনপ্রতিনিধিদেরও এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে হবে। যেসব মানুষের ভোটে তাঁরা নির্বাচিত হয়েছেন, তাঁদের অধিকার ও স্বার্থ রক্ষায় জনপ্রতিনিধিদের সরাসরি দায়িত্ব পালন করা প্রয়োজন।

আরও পড়ুন