বুধবার ১১ নভেম্বর, ২০২৬

সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি হয়েছে: সংসদে হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

RisingCumilla - Hasnat Abdullah in Parliament
সংসদে হাসনাত আবদুল্লাহ/ছবি: সংগৃহীত

সারা দেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে, ভাগ্নি, ভগ্নিপতিসহ বিভিন্ন স্বজনকে সারের ডিলারশিপ দেওয়ার অভিযোগ তুলে তিনি এ নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কৃষিমন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্নে এসব অভিযোগ উত্থাপন করেন তিনি। বিকেল ৪টা ২০ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

সম্পূরক প্রশ্নে বিভিন্ন সংবাদমাধ্যমের কয়েকটি শিরোনাম উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সারের ডিলার হয়েছেন এমপির ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের স্ত্রী। ঠাকুরগাঁওয়ে ৩১ জন ডিলারের মধ্যে ২৮ জনই বিএনপির। তাদের মধ্যে ১০ জন নেতার স্ত্রী, সন্তান ও ভাগ্নি।’

তিনি আরও বলেন, নাটোরে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগ রয়েছে, একজন সংসদ সদস্যের সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, সারা দেশে সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে এক ধরনের মহোৎসব হয়েছে। সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরুদ্ধেও কোনো কোনো এলাকায় অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করার অভিযোগ রয়েছে। কোথাও ১৫টি ইউনিয়নের জন্য ৩০ জনকে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, ২০০৯ সালে বিএনপি বিরোধী দলে থাকার সময় সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের দায়িত্ব দেওয়ার ব্যবস্থাকে অসাংবিধানিক বলেছিল। অথচ বর্তমানে একই ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কৃষিমন্ত্রীর উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, সারের ডিলারশিপে সংসদ সদস্যদের স্ত্রী, ছেলে ও ভাগ্নিরা সুযোগ পেয়েছেন। আওয়ামী লীগ সরকারের সময়ে যারা সারের ব্যবসা করতেন, তাদের আবারও সুযোগ করে দিতে মন্ত্রণালয় থেকে কোনো বিশেষ নিয়ম করা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

তিনি প্রশ্ন করেন, ডিলার নিয়োগে এসব অনিয়ম সুপরিকল্পিতভাবে করা হয়েছে কি না এবং নিয়োগপ্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করা হবে কি না। একই সঙ্গে সংসদ সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের ব্যবসায়িক সুবিধা নেওয়ার প্রবণতা কবে বন্ধ হবে, সে প্রশ্নও তোলেন তিনি।

জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সারের ডিলার নিয়োগের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন জেলা প্রশাসক (ডিসি)।

মন্ত্রী জানান, ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও শর্ত দেওয়া ছিল। মন্ত্রণালয় থেকে উপজেলা ও জেলা পর্যায়ের কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছিল, যাতে নির্ধারিত নিয়ম অনুসরণ করেই ডিলার নির্বাচন করা হয়।

তিনি বলেন, আবেদন পাওয়ার পর সেগুলো উপজেলা পর্যায়ে পাঠানো হয়। সেখানে ইউএনওর নেতৃত্বাধীন কমিটি উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট এলাকার কৃষি কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আবেদনগুলো যাচাই-বাছাই করে।

পরবর্তী সময়ে যাচাই-বাছাই করা প্রস্তাব জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। জেলা পর্যায়ের কমিটি সেগুলো পর্যালোচনা করে তিনজনের নাম অগ্রাধিকারক্রমে মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় সেই তালিকার প্রথম ব্যক্তিকে ডিলার হিসেবে ঘোষণা করে।

কৃষিমন্ত্রী আরও বলেন, জেলা পর্যায়ের কমিটিতে জেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন। কমিটির সব সদস্যের স্বাক্ষরসহ প্রস্তাব মন্ত্রণালয়ে এসেছে। কোনো একজন ব্যক্তির একক স্বাক্ষরে এসব প্রস্তাব পাঠানো হয়নি।

আরও পড়ুন