
দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং দেশের ক্রমবর্ধমান মাছের চাহিদা পূরণের লক্ষ্যে সরকার দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (১৩ জুন) সকালে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার গাড়াইল বিলে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশীয় প্রজাতির মাছের অস্তিত্ব রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন মৎস্য অধিদপ্তর সারাদেশের সরকারি জলাশয়, পুকুর, বিল এবং ব্যক্তি মালিকানাধীন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করছে। এর ফলে একদিকে দেশীয় মাছের প্রজাতি সংরক্ষিত হবে, অন্যদিকে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়ে দেশের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, টেকসই মৎস্য চাষ ও সুষ্ঠু জলাশয় ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। সরকারের এসব উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
মাছের প্রজনন ও জলজ পরিবেশ রক্ষার স্বার্থে চায়না জালসহ সব ধরনের ক্ষতিকর জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলীসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।











