
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় জামিনে মুক্তি পাওয়া অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমান আপিল বিভাগের চেম্বার জজ আদালতের দেওয়া ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশনা পালন করেননি।
শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত তিনি আদালতে আত্মসমর্পণ করেননি এবং তাকে কারাগারেও পাঠানো হয়নি বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত হাফিজুর রহমান আদালতে আত্মসমর্পণ করেননি।
এ বিষয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান বলেন, আদালতে আত্মসমর্পণের কোনো তথ্য তাদের কাছে নেই।
এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত হাইকোর্টের দেওয়া জামিনাদেশ আগামী ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
আদালত আরও নির্দেশ দেন, নির্ধারিত সময়ের মধ্যে তিনি আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হবে।
এর আগে গত ২ আগস্ট হাইকোর্ট হাফিজুর রহমানকে জামিন প্রদান করেন। পরে ৪ আগস্ট তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর রাষ্ট্রপক্ষ জামিনাদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল করলে চেম্বার জজ আদালত বিষয়টি শুনানির জন্য গ্রহণ করেন এবং জামিন স্থগিতের আদেশ দেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে যাওয়ার পথে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। পরদিন সেনানিবাস এলাকার একটি ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তনুর বাবা ইয়ার হোসেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তের একপর্যায়ে চলতি বছরের ২১ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।









