
জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৫ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তাঁর সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন প্রধানমন্ত্রী।
চিকিৎসাধীন মিতু হাসপাতালের শয্যা থেকে সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁকে কাছে ডেকে শারীরিক অবস্থার খোঁজ নেন, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান এবং তাঁর সাহস ও আত্মত্যাগের প্রতি সম্মান জানান।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর উদ্বোধন করেন। পরে তিনি ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, আমন্ত্রিত অতিথিদের মধ্যে মিতুও ছিলেন। তিনি চব্বিশের জুলাইয়ের আন্দোলনে আহত হয়ে এখনও চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে মিতুর এই আন্তরিক সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত সবার মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
এ সময় প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও তাঁর পাশে উপস্থিত ছিলেন।









