
‘আমিষেই শক্তি-আমিষেই মুক্তি, রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। র্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা দিবসটির তাৎপর্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।
র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আনোয়ার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিশির কানুসহ উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ আমিষ উৎপাদন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে সচেতনতা বৃদ্ধি এবং এ খাতকে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী জানান, দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের উৎসাহিত করার লক্ষ্যেই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হচ্ছে।









