
চাঁদপুরের শাহরাস্তিতে পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগে অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে মোট ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) পরিচালিত এ অভিযানে মেসার্স এ এস এস ব্রিকসের মালিক মো. আকতার হোসেন চৌধুরীকে ৪ লাখ টাকা এবং মেসার্স হারুন ব্রিকসের মালিক মো. হারুন শেখকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার সম্পূর্ণ ৭ লাখ টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বির নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
অভিযানের একপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা পানি ছিটিয়ে ভাটাগুলোর জ্বলন্ত আগুন নিভিয়ে দেন। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত ইটভাটা দুটির সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন।
এ সময় পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেন চাঁদপুর জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা। আর অগ্নিনির্বাপণের দায়িত্ব পালন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।








