
চাঁদপুর জেলার বিভিন্ন থানায় পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৭৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৯ জনকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ জন নেতাকর্মী এবং মাদকসংক্রান্ত অপরাধে জড়িত ১২ জন রয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। শনিবার (৭ নভেম্বর) সকালে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো তথ্যে এ বিষয়টি জানানো হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ফরিদগঞ্জ থানায় ৬ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৩১ জন, শাহরাস্তি থানায় ৬ জন, হাজীগঞ্জ থানায় ৭ জন এবং মতলব উত্তর থানায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানায় ৭ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৪ জন, হাইমচর থানায় ৪ জন এবং হাজীগঞ্জ থানায় ৪ জনকে আটক করা হয়। সব মিলিয়ে ১৯ জন কিশোরকে আটক করে পুলিশ।
এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মোট ৭৪০ গ্রাম গাঁজা ও ১৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এর মধ্যে ফরিদগঞ্জ থানা পুলিশ ৫৪০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা, মতলব দক্ষিণ থানা পুলিশ ৫০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা এবং শাহরাস্তি থানা পুলিশ ১৫০ গ্রাম গাঁজা ও ২৬ পিস ইয়াবা উদ্ধার করে।
এ ছাড়া হাইমচর থানা পুলিশ ২ পিস, মতলব উত্তর থানা পুলিশ ৭ পিস এবং হাজীগঞ্জ থানা পুলিশ ৫১ পিস ইয়াবা উদ্ধার করে। তবে হাজীগঞ্জে ইয়াবা উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট আসামি পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, জেলার অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।









