শুক্রবার ৬ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জে খাঁচাবন্দি গন্ধগোকুল উদ্ধার করে নিরাপদ পরিবেশে অবমুক্ত

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি

RisingCumilla -A caged Asian palm civet was rescued in Habiganj and released into a safe environment.
হবিগঞ্জে খাঁচাবন্দি গন্ধগোকুল উদ্ধার করে নিরাপদ পরিবেশে অবমুক্ত

হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে ইঁদুরের ফাঁদে আটকা পড়া একটি গন্ধগোকুল অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে লস্করপুর ইউনিয়নের মো. জাসুক মিয়ার বাড়ি থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করে একটি গন্ধগোকুলের উপস্থিতি টের পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত বিষয়টি বনবিভাগ ও বন্যপ্রাণী উদ্ধারকারী দলকে জানানো হয়।

খবর পেয়ে ‘ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি মো. সুলেমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁর প্রচেষ্টা এবং স্থানীয়দের সহযোগিতায় আতঙ্কিত প্রাণীটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

​পরবর্তীতে হবিগঞ্জ জেলা বন বিভাগের উপস্থিতিতে এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাণীটিকে একটি নিরাপদ প্রাকৃতিক পরিবেশে সফলভাবে অবমুক্ত করা হয়।

​উদ্ধারকারী মো. সুলেমান জানান, গন্ধগোকুলটি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও সক্রিয় ছিল। স্থানীয় সাধারণ মানুষের সচেতনতা ও সময়োপযোগী সহযোগিতা এই উদ্ধারকাজকে সহজ করে তুলেছিল।

​পরিবেশবাদীরা মনে করছেন, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস এবং মানুষের বসতি বাড়ার কারণে প্রায়ই বন্যপ্রাণীরা লোকালয়ে চলে আসে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সঠিক সময়ে প্রশাসন বা বন্যপ্রাণী উদ্ধারকারীদের খবর দেওয়া অত্যন্ত জরুরি।

আরও পড়ুন