
সিলেটের শাহপরান (রহ.) থানার পুলিশের অভিযানে চুরি যাওয়া ১১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার এবং এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৭ মে) ভোর আনুমানিক ৪টা ৫ মিনিটে শাহপরান থানাধীন মিরাপাড়া গরুর বাজারে এ ঘটনা ঘটে। গরু ব্যবসায়ী মো. আব্দুর রহমানের সঙ্গে গরু কেনাবেচার কথা বলে পরিচিত হয় মো. সিরাজ মিয়া (৫৭) নামের এক ব্যক্তি।
একপর্যায়ে সুযোগ বুঝে ব্যবসায়ীর ব্যাগে থাকা গরু বিক্রির ১৪টি বান্ডেলে রাখা ১১ লাখ ২০ হাজার টাকা কৌশলে চুরি করে পালিয়ে যায় সে।
পরে ব্যবসায়ী অনেক খোঁজাখুঁজি করেও টাকার ব্যাগ না পেয়ে বাজারে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বিষয়টি জানান। খবর পেয়ে শাহপরান থানা পুলিশ অভিযান চালিয়ে কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে চুরি হওয়া পুরো টাকাসহ সিরাজ মিয়াকে আটক করে।
আটক সিরাজ মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ এলাকার কাকতইল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম ঈসমাইল মিয়া এবং মায়ের নাম মৃত চাঁন বানু।
এ ঘটনায় শাহপরান (রহ.) থানায় পেনাল কোডের ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।







