বুধবার ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লার ১৮ টি থানা জুড়ে একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৩৭৯

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Simultaneous anti-teen-gang raids across 18 police stations in Cumilla, 379 detained.
কুমিল্লার ১৮ টি থানা জুড়ে একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৩৭৯/ছবি: সংগৃহীত

কুমিল্লা জেলা পুলিশের ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৭৯ জনকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) এ অভিযান পরিচালনা করে। চতুর্থ দফার এ অভিযানে আটকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৭২ জনে। 

পুলিশ জানায়, জেলাজুড়ে কিশোরগ্যাং বিরোধী অভিযান চলমান রয়েছে। এই অভিযানের অংশ হিসেবেই জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চলছে। কিশোর গ্যাংয়ের উৎপাত রয়েছে এমন বিভিন্ন স্থান, আড্ডাস্থল ও অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুর রহমান জানান, অভিযানে আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিতভাবে কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ কঠোরভাবে নজরদারি করছে।

জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং ও অপরাধপ্রবণতার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এর আগে ৩ দফায় ১ হাজার ২৯৭ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে যাদের অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। বাকীদের মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন