
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে তার পূর্বনির্ধারিত মাহফিল। প্রশাসনের অনুমতি না থাকায় শুক্রবার (২৭ নভেম্বর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।
জানা গেছে, শুক্রবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর একটি মাহফিলে বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে তার আগমনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকেই এলাকায় প্রতিবাদ শুরু করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এদিন তারা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। একই সঙ্গে তাহেরীকে অলিরবাজারে আসতে না দেওয়ার দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরেন।
হেফাজতে ইসলামের নেতাদের আপত্তি এবং প্রশাসনের অনুমতি না থাকায় শুক্রবার নির্ধারিত মাহফিলটি অনুষ্ঠিত হতে পারেনি। এদিকে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল পরিদর্শন করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
এ বিষয়ে হেফাজতে ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইয়াকুব আলী বলেন, প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই তাহেরীর মাহফিলের আয়োজন করা হচ্ছিল। বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীকে কোনোভাবেই অলিরবাজারে মাহফিল করতে দেওয়া হবে না। তিনি সেখানে কর্মসূচি পালন করতে এলে পাল্টা কর্মসূচির মাধ্যমে তা প্রতিহত করবে হেফাজতে ইসলাম।
অন্যদিকে তাহেরীর অনুসারী আমির হোসেন বলেন, যে কোনো কিছুর বিনিময়ে তাহেরী হুজুরের মাহফিল আয়োজন করবেন তারা।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম জানান, প্রশাসনের অনুমতি না থাকায় অলিরবাজারে গিয়াস উদ্দিন তাহেরীকে মাহফিল করতে দেওয়া হচ্ছে না। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।










