
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদপ্রার্থী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আলী আকবর পিন্টু। এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তিনি স্থানীয় পর্যায়ে পরিচিতি পেয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আলী আকবর পিন্টুর অন্যতম প্রধান লক্ষ্য এলাকার যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা। নির্বাচিত হলে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা, শিক্ষা ও গঠনমূলক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চান তিনি।
নিজের নির্বাচনী পরিকল্পনা সম্পর্কে মোঃ আলী আকবর পিন্টু বলেন, “আমি ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং জনগণের সত্যিকারের সেবা করার ব্রত নিয়েই মেম্বার পদে দাঁড়াতে চাই। নির্বাচিত হতে পারলে ৬নং ওয়ার্ডের দীর্ঘদিনের অসমাপ্ত উন্নয়নকাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করব। রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত মানুষের দোরগোড়ায় সরকারি সব সুযোগ-সুবিধা পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর।”
তিনি আরও বলেন, “জনগণের বিপদে-আপদে সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। মেম্বার হতে পারলে ওয়ার্ডের প্রতিটি নাগরিকের অধিকার সুরক্ষা এবং একটি দুর্নীতি ও মাদকমুক্ত আধুনিক মডেল ওয়ার্ড গড়ে তুলতে আমার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
আলী আকবর পিন্টুর পরিকল্পনার মধ্যে রয়েছে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, জনসাধারণের নাগরিক সুবিধা বৃদ্ধি এবং পিছিয়ে পড়া মানুষের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ। পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করে একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
স্থানীয় মুরুব্বি ও যুবসমাজের কয়েকজনের মতে, আলী আকবর পিন্টুর মতো উদ্যমী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হওয়ার সুযোগ তৈরি হতে পারে।










