রবিবার ২১ জুন, ২০২৬

কুমিল্লার দেবীদ্বারে চামড়াবোঝাই ট্রাক খাদে, ট্রাকের নিচে আটকে ছিল চালকের মরদেহ

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Truck loaded with hides falls into ditch in Comilla's Devidwar, driver's body stuck under truck
ছবি: সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বার উপজেলার খলিলপুর এলাকায় ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কুরবানির পশুর চামড়াবোঝাই একটি ট্রাক সড়কের পাশের গভীর খাদে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকে থাকা আরও দুই আরোহী।

শনিবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার খলিলপুর বাজারের পূর্বপাশের একটি ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কোরবানির পশুর চামড়াবোঝাই ঢাকাগামী ট্রাকটি খলিলপুর ব্রিজে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে ট্রাকটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন চালক সোহেল। তার বাড়ি গাজীপুর জেলায়। দুর্ঘটনায় আহত হন ট্রাকের হেলপার মোমিনসহ আরও একজন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তারা বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে দেবীদ্বার থানা পুলিশ এবং মুরাদনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে ট্রাকটি চামড়াবোঝাই ও অত্যন্ত ভারী হওয়ায় রেকার (ক্রেন) ছাড়া সেটি সরানো সম্ভব হচ্ছিল না। ফলে দীর্ঘ সময় চালকের মরদেহ ট্রাকের নিচে আটকে থাকে।

মুরাদনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, খবর পাওয়ার পর দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু ভারী ট্রাকটি সরাতে রেকারের প্রয়োজন হয়। পরে রেকার পৌঁছানোর পর ট্রাকটি সোজা করে নিচে আটকে থাকা চালকের মরদেহ উদ্ধার করা হয়।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, খলিলপুর ব্রিজে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়। এতে চালক নিহত হন এবং দুইজন আহত হন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়ার পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন