
কুমিল্লায় মাদক ব্যবসা, কিশোর গ্যাং, ছিনতাই ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ৫৪৪ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ও এর সদস্য রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
১৫ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত টানা ৭২ ঘণ্টা জেলার ১৮টি থানা, জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার (১৮ নভেম্বর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অংশ নেন।
অভিযানে আটক ৫৪৪ জনের মধ্যে ১০৭ জন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ও এর সদস্য। আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই শেষে ৩৪১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ২০৩ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, উঠতি বয়সী কিশোরদের অপরাধ থেকে দূরে রেখে পড়াশোনায় ফিরিয়ে আনতে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, অভিযানের নামে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও কঠোর নজরদারি রাখা হচ্ছে। কিশোর অপরাধ, ছিনতাই, চুরি এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তৎপরতা প্রতিরোধে জেলা পুলিশ বদ্ধপরিকর।










