সোমবার ৪ মে, ২০২৬

কুমিল্লায় হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - Comilla Medical College Hospital
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল/ছবি: সংগৃহীত

কুমিল্লায় হাম-সদৃশ উপসর্গে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় এ ধরনের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।

মৃত শিশুর নাম আরশ (১)। সে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার তারাপুর গ্রামের আবুল কালামের ছেলে। শনিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এর হাম আইসোলেশন কক্ষে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার (৩ মে) দুপুরে হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল এবং দেরিতে হাসপাতালে আনার কারণে তার সংক্রমণ গুরুতর হয়ে ওঠে। এতে শারীরিক জটিলতা বাড়লে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালে হাম আক্রান্ত ৮৮ জন শিশু ভর্তি রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, কুমিল্লায় এখন পর্যন্ত হাম-সদৃশ উপসর্গ নিয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনজন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৩৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। তবে এ সময়ে নিশ্চিত কোনো হাম রোগী শনাক্ত না হলেও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন