
কুমিল্লা নগরীতে মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) দুই সদস্য। এ ঘটনায় সৌরভ চন্দ্র নামে এক যুবককে গ্রেফতার করেছে অধিদপ্তরের সদস্যরা। অভিযানে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নগরীর ২২ নম্বর ওয়ার্ডের শ্রীবল্লভপুর ঘোষপাড়া মন্দিরের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পদুয়ার বাজার বিশ্বরোডসংলগ্ন ঘোষপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অধিদপ্তরের একটি দল। এ সময় সৌরভ চন্দ্র গ্রেফতার এড়াতে অভিযানকারী দলের সদস্যদের ওপর হামলা চালান। এতে অধিদপ্তরের সিপাহি আদনান সামি ও বোরহানউদ্দিন আহত হন।
পরে অভিযানকারী দলের সদস্যরা সৌরভ চন্দ্রকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আহত দুই সিপাহিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক তুন্ত মনি চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতার সৌরভ চন্দ্রের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, ওই এলাকায় মাদক কারবারে জড়িত শাওনসহ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।










