সোমবার ১৭ আগস্ট, ২০২৬

কুমিল্লায় বিলাসবহুল প্রাডো থেকে ৩ লাখ ইয়াবা জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - seized from a luxury Prado in Cumilla
কুমিল্লায় বিলাসবহুল প্রাডো থেকে ৩ লাখ ইয়াবা জব্দ, আটক ২/ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার জাগুরজুলি এলাকায় একটি বিলাসবহুল প্রাডো গাড়ি থেকে ৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে ইয়াবা পরিবহনে ব্যবহৃত সাদা রঙের প্রাডো গাড়িটিও জব্দ করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরজুলি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন: কক্সবাজারের চকরিয়া উপজেলার ফয়সাল হোসেন (২৫) ও একই এলাকার গাড়িচালক আমান উল্লাহ (৩৫)।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগুরজুলি এলাকায় অবস্থান নেয় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি সাদা রঙের প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির ভেতর থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানে মোট ৩ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ইয়াবার চালান জব্দের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান। তিনি জানান, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ সুপার বলেন, জিজ্ঞাসাবাদ শেষে ইয়াবার চালানটি কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন