রবিবার ২২ নভেম্বর, ২০২৬

কুমিল্লায় প্রবীণ রাজনীতিবিদ মোক্তল হোসেনকে সংবর্ধনা দিলেন স্থানীয় বিএনপি

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Local BNP in Comilla accorded a reception to veteran politician Moktal Hossain.
কুমিল্লায় প্রবীণ রাজনীতিবিদ মোক্তল হোসেনকে সংবর্ধনা দিলেন স্থানীয় বিএনপি

দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের প্রতি ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক অবদানের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার প্রবীণ বিএনপি নেতা মোক্তল হোসেন সর্দারকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় বিএনপি। ৮০ বছর বয়সী এই নেতাকে সম্মাননা স্মারক তুলে দিয়ে তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলার প্রতি শ্রদ্ধা জানান দলের নেতারা।

গত শনিবার (২১ নভেম্বর) রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের সুবর্ণপুর হাইস্কুল প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম। তিনি মোক্তল হোসেন সর্দারের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মোক্তল হোসেন সর্দার। তিনি একসময় গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং গ্রাম সরকারের নির্বাচিত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয়ভাবে ১২ সমাজের সর্দার হিসেবেও পরিচিতি রয়েছে তাঁর। সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান এবং এলাকার সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছেন তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে বিএনপির রাজনীতিতে যুক্ত হন মোক্তল হোসেন সর্দার। দলের বিভিন্ন সংকটময় সময়ে নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তিনি আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে উপজেলা বিএনপির উপদেষ্টা হিসেবে রয়েছেন।

স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, দলের কঠিন সময়ে যেসব নেতা সংগঠনের পাশে থেকে ত্যাগ স্বীকার করেছেন, তাঁদের যথাযথ মূল্যায়নের উদ্যোগের অংশ হিসেবেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি ওয়াসিমের নির্দেশনায় এ উদ্যোগ নেওয়া হয়।

তবে জীবনের শেষ সময়ে এসে শারীরিকভাবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এই প্রবীণ রাজনীতিক। ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। অসুস্থতার কারণে তাঁর বাকশক্তিও অনেকটা লোপ পেয়েছে। চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত কেমোথেরাপি দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁর রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

জেলা বিএনপির নেতা মো. আজগর হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ আলোচক ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সহসভাপতি ও পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জহিরুল হক। এ ছাড়া আদর্শ সদর উপজেলা বিএনপির বৃক্ষরোপণবিষয়ক সম্পাদক হাসান আবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদর্শ সদর উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহেল।

আরও পড়ুন