
কুমিল্লায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির এক কর্মকর্তা ও তার স্ত্রী ছিনতাইয়ের শিকার হয়েছেন। গভীর রাতে তাদের বহনকারী সিএনজি অটোরিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করে নেয় দুর্বৃত্তরা।
ভুক্তভোগী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, যিনি প্রতিষ্ঠানটির নিরাপত্তা শাখার সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত। রোববার (৩ মে) রাতে তিনি কুমিল্লা কোতয়ালী মডেল থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল স্ত্রীকে নিয়ে সিলেট ভ্রমণে যান মামুন। শনিবার রাত সাড়ে ৩টায় ট্রেনে করে কুমিল্লা রেলস্টেশনে পৌঁছে সেখান থেকে একটি সিএনজি অটোরিকশায় করে বাখরাবাদ এলাকার ভাড়া বাসার উদ্দেশ্যে রওয়ানা হন তারা।
পথিমধ্যে বালুতুপা কালভার্টের কাছে পৌঁছালে একটি পিকআপ ভ্যানযোগে চারজন ছিনতাইকারী তাদের গাড়ির পথরোধ করে। পরে অস্ত্রের মুখে প্রাণনাশের হুমকি দিয়ে নগদ অর্থ, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এতে প্রায় ৪ লাখ ১১ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী।
এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগে গত ২৫ এপ্রিল রাতে কুমিল্লা শহরতলীর কোটবাড়ি এলাকায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যা করে তার মালামাল ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। সেই ঘটনার আট দিনের মাথায় আবারও একই ধরনের ছিনতাইয়ের ঘটনা নগরবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।









