
আর্জেন্টিনা-মিশর ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষে কুমিল্লায় মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) রাতে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ধনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর চেরাংগা এলাকার মতিউর রহমানের ছেলে। তিনি কুমিল্লা নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের মঠপুস্করনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয়দের দাবি, তিনি মিশর দলের সমর্থক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ চলাকালে দুই দলের সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এ সময় স্থানীয়ভাবে আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত বাবু ও মাইন উদ্দিন মালুর বিরুদ্ধে শরিফুল ইসলামের মাথায় আঘাত করার অভিযোগ ওঠে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শরিফুল ইসলামকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা হান্নান বলেন, “একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে এমন মর্মান্তিক হত্যাকাণ্ড কাম্য নয়। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। খেলায় হার-জিত থাকবেই, তাই বলে খুনাখুনি হতে পারে না।”
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”











