বৃহস্পতিবার ১ অক্টোবর, ২০২৬

কুমিল্লায় আন্তঃজেলা চোর চক্রের ৫ নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১৩ মোবাইল

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - 5 female members of an inter-district theft ring arrested in Cumilla, 13 mobile phones recovered.
কুমিল্লায় আন্তঃজেলা চোর চক্রের ৫ নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১৩ মোবাইল/ছবি: সংগৃহীত

কুমিল্লায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে সক্রিয় আন্তঃজেলা চোর চক্রের পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার সরলা আক্তার (৪২), এলেনা বেগম ওরফে হেলেনা (৪৫), বেদনা খাতুন (২৯), খাদিজা আক্তার (২০) এবং হবিগঞ্জের ফাহিমা আক্তার (১৯)।

অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন সময় চুরি করা ১৩টি মোবাইল ফোন এবং চোরাই মালামাল বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান বুধবার বিকেলে এসব তথ্য জানান।

পুলিশ জানায়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন শহর, বাজার ও বিপণিবিতানে মানুষের ভিড় বাড়ছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ছদ্মবেশে বিভিন্ন চোর চক্র সাধারণ মানুষের মোবাইল ফোন, টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান সামগ্রী চুরি করতে সক্রিয় হয়ে ওঠে।

চক্রটির সদস্যরা বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে বাসা ভাড়া নিয়ে কিছুদিন অবস্থান করেন। পরে সম্ভাব্য টার্গেট নির্ধারণ করে জনসমাগমপূর্ণ স্থানে চুরির ঘটনা ঘটান।

উৎসবকেন্দ্রিক জনসমাগমে অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপদ কেনাকাটা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

এরই ধারাবাহিকতায় ডিবির একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ এলাকায় আন্তঃজেলা চোর চক্রের কয়েকজন সদস্য অবস্থান করছে। পরে তথ্য যাচাই করে সেখানে অভিযান চালিয়ে চক্রটির পাঁচ নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, গ্রেপ্তার নারীরা পেশাদার চোর চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইয়ের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

তিনি বলেন, আসন্ন উৎসবকে কেন্দ্র করে জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে—এমন যেকোনো চক্রের বিরুদ্ধে কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন