বুধবার ১৭ জুন, ২০২৬

কুমিল্লা মহানগর ও সদরে গ্যাস সংকট নিরসনে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

Rising Cumilla - Discussion meeting to resolve gas crisis in Comilla metropolis and Sadar
কুমিল্লা মহানগর ও সদরে গ্যাস সংকট নিরসনে আলোচনা সভা/ছবি: সংগৃহীত

কুমিল্লা মহানগর ও সদর উপজেলায় চলমান তীব্র গ্যাস সংকট নিরসনের লক্ষ্যে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ ইমাম উদ্দিন শেখ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কুউক)-এর নবনিযুক্ত চেয়ারম্যান এবং মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

বুধবার (১৭ জুন) মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিমসহ ভুক্তভোগী এলাকার সাধারণ মানুষ।

সভায় নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে চলমান গ্যাস সংকটের কারণে জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা বলেন, গ্যাস সংকটের কারণে আবাসিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে।

মতবিনিময়কালে কুউক চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন,
“গ্যাস মানুষের মৌলিক চাহিদার অন্যতম। কুমিল্লার সর্বস্তরের জনগণের এই ন্যায্য অধিকার নিশ্চিত করতে এবং চলমান দুর্ভোগ থেকে তাদের মুক্তি দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি, বাখরাবাদ কর্তৃপক্ষ দ্রুত এই সংকট সমাধান করবে।”

এসময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির এমডি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

সভা শেষে সংশ্লিষ্ট সবাই কুমিল্লার গ্যাস সংকট নিরসনে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন