
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩০ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা মূল্যের চোরাই ভারতীয় পণ্য, মদ, বিয়ার ও ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২২ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী, মাদলা ও খাদলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী ও শশীদল সীমান্ত এলাকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পৃথক এসব অভিযান পরিচালনা করে।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাইপথে বাংলাদেশে আনা বিভিন্ন ভারতীয় পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় বাসমতি চাল, রেডবুল, বিভিন্ন ধরনের ওষুধ, গরু, কসমেটিকস সামগ্রী, মদ, বিয়ার এবং ইয়াবা। উদ্ধার হওয়া এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ ২৬ হাজার ৫৫০ টাকা।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।










