
কুমিল্লা নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে টমছমব্রিজ সড়ক ও আশপাশের এলাকায় পুনরায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
সোমবার (২০ জুলাই) অভিযানে অবৈধ দখল অপসারণের পাশাপাশি আইন লঙ্ঘনের দায়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং সড়ক ও ফুটপাত হকার ও অবৈধ দখলমুক্ত রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত থেকে অবৈধভাবে স্থাপিত বিভিন্ন স্থাপনা ও দখল অপসারণ করা হয়। একই সঙ্গে আইন লঙ্ঘনের দায়ে তিনজনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান চলাকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এবং জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।











