
কুমিল্লার দাউদকান্দিতে সরকার ঘোষিত অগ্রাাধিকার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৭ অক্টোবর) দাউদকান্দি উপজেলার গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস, কুমিল্লার আয়োজনে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষিঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি নিশ্চিত করণসহ মাদক, বাল্যবিবাহ, নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধ, গুজব ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরত্বারোপ করার জন্য এই নারী সমাবেশ আয়োজন করা হয়।
কুমিল্লা জেলার সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার, মো: জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অভিভাবক সদস্য মো: দেলোয়ার হোসেন। স্বগত বক্তব্য রাখেন গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: সেলিম।
নারী সমাবেশে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন বলেন “একটি আদর্শ ও সচেতন সমাজ গঠনে নারীর ভূমিকা অপরিসীম। বাল্যবিবাহ ও মাদক আমাদের সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ফ্যামিলিকার্ড ও কৃষক কার্ডের মতো প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচিগুলো প্রান্তিক মানুষের ভাগ্য বদলে দিচ্ছে। তবে এর পাশাপাশি আমাদের সন্তানদের নৈতিক অবক্ষয় রোধ করতে হবে এবং মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। কোনো অবস্থাতেই সমাজে গুজব ছড়াতে দেওয়া যাবেনা এবং বর্তমান সময়ে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। মাদক, ইভটিজিং ও বাল্য বিয়ের মতো সামাজিক ব্যাধি ব্যক্তি ও পরিবারকে ক্ষতিগ্রস্থ করার পাশাপাশি সামগ্রিকভাবে সমাজের অগ্রগতিকে বাধাগ্রস্থ করছে। এসব সমস্যা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও স্থানীয় জনগোষ্ঠীকে সমন্বিত ভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথিগণ বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা জরুরি। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের বিষয়ে যাচাই ছাড়া কোনো তথ্য বিশ্বাস বা প্রচারনা না করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নাশকতামূলক কর্মকান্ড প্রতিরোধেও জনগণের সচেতনতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা গুরুত্বপূর্ণ। সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত বিভিন্ন লক্ষ্য ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরল হক বলেন, “‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনাকে বুকে ধারণ করে আমাদের কাজ করতে হবে। সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড এবং সামাজিক সুরক্ষামূলক কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের বার্তা সুনির্দিষ্ট ভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা তথ্য অফিস নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষায় আমাদের বেশি করে বৃক্ষরোপণ করতে হবে এবং খাল খননের মাধ্যমে পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।”
সমাবেশে এলাকার বিপুল সংখ্যক নারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে সচেতনতামূলক লিফলেট ও তথ্যসামগ্রী বিতরণ করা হয়। নারী সমাবেশের শুরুতে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।











