বুধবার ১৮ নভেম্বর, ২০২৬

করোনাকালেই বদলে যায় গল্প, সাবেক প্রেমিককেই বিয়ে করার কারণ জানালেন কাজল

বিনোদন ডেস্ক

RisingCumilla -Kajal Aggarwal
ছবি: সংগৃহীত

বন্ধুত্ব থেকে প্রেম, এরপর বিচ্ছেদ। তবে শেষ পর্যন্ত সেই বন্ধুত্বের মানুষটির সঙ্গেই গড়েছেন সংসার। বলছি দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালের কথা। স্বামী গৌতম কিচলুর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক, বিচ্ছেদ এবং নতুন করে এক হওয়ার গল্প সম্প্রতি এক সাক্ষাৎকারে তুলে ধরেছেন এই অভিনেত্রী। জানিয়েছেন, কীভাবে করোনাকাল তাদের সম্পর্ককে বিয়ের সিদ্ধান্তে পৌঁছে দেয়।

সাক্ষাৎকারে নিজের ভালোবাসার গল্প বলতে গিয়ে কাজল বলেন, নিজের সবচেয়ে ভালো বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন তিনি। অভিনেত্রীর ভাষায়, ‘আমি সত্যিই ভাগ্যবতী। নিজের সবচেয়ে ভালো বন্ধুকেই বিয়ে করেছি।’

এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে গৌতম কিচলুর সঙ্গে প্রথম পরিচয় হয় কাজলের। সেখান থেকেই শুরু হয় দুজনের বন্ধুত্ব। সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব রূপ নেয় প্রেমের সম্পর্কে। প্রায় ১৩ বছর আগে তাদের প্রেমের সম্পর্কের সূচনা হলেও একপর্যায়ে বিচ্ছেদ ঘটে দুজনের।

তবে সম্পর্কের ইতি ঘটলেও বন্ধুত্ব শেষ হয়নি। দুজনেই পরবর্তী সময়ে অন্য সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু একে অপরের প্রতি ভালো লাগা ও টান থেকে যায়। একটা সময় তারা উপলব্ধি করেন, একসঙ্গে থাকাটাই তাদের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

বিচ্ছেদের পর আবারও কাছাকাছি আসার পেছনে বড় ভূমিকা রাখে করোনাভাইরাস মহামারির সময়ের লকডাউন। কাজল জানান, ওই সময় পেশাগত ব্যস্ততা কমে যাওয়ায় নিজেদের সম্পর্ক ও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবার সুযোগ পান তারা। একে অপরকে সময় দেওয়ার মধ্য দিয়ে পুরোনো সম্পর্ক নতুন করে ফিরে আসে।

তবে এবার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কোনো অনিশ্চয়তা রাখতে চাননি অভিনেত্রী। গৌতমকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, নতুন করে সম্পর্ক শুরু করতে হলে বিয়ের সিদ্ধান্ত নিয়েই এগোতে হবে।

এ প্রসঙ্গে কাজল বলেন, ‘আমি ওকে বলেছিলাম— এবার হয় আমাকে বিয়ে করো, নয়তো বিদায় হও। এবার আর অন্য কোনো পথ নেই।’

অভিনেত্রী আরও জানান, দীর্ঘদিনের পরিচয়ের কারণে একে অপরের পছন্দ-অপছন্দ, ভালো-মন্দ কিংবা জীবনের নানা পরিস্থিতি সম্পর্কে তাদের ভালো ধারণা ছিল। তাই নতুন করে একসঙ্গে পথচলা শুরু করতে গিয়ে একে অপরকে জানার ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হয়নি।

কাজলের মতে, লকডাউন তাদের জীবনকে নতুনভাবে দেখার সুযোগ করে দিয়েছিল। সব সময় কাজের ব্যস্ততায় ব্যক্তিগত জীবনের জন্য পর্যাপ্ত সময় বের করা সম্ভব হতো না। কিন্তু করোনাকালে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটে। একে অপরকে সময় দেওয়ার সুযোগই তাদের সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে।

উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবর মাসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন কাজল আগরওয়াল ও গৌতম কিচলু। করোনাকালীন বিধিনিষেধের কারণে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় তাদের বিয়ের অনুষ্ঠান।

আরও পড়ুন