
এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকি বন্ধ করতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী, পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর ব্যবস্থা চালু করা হবে। এতে প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ফাঁসের সুযোগ কমবে বলে আশা করছে সরকার।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ পরিকল্পনার কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। তবে প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা যে হয়নি, তা নয়। এ কারণে সরকার পুরো প্রশ্নপত্র ব্যবস্থাপনায় পরিবর্তন আনছে। ভবিষ্যতে সরাসরি উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা রয়েছে। পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে প্রশ্নপত্র মুদ্রণের ব্যবস্থা চালুর দিকে এগোচ্ছে সরকার।
শিক্ষার মানোন্নয়নে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, পড়াশোনার ক্ষেত্রে কোনো ধরনের দুর্বলতা কিংবা অসাধুতা মেনে নেওয়া হবে না। শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং শিক্ষার গুণগত মান বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
শিক্ষাব্যবস্থার সংস্কার প্রসঙ্গে মন্ত্রী জানান, ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা-সংক্রান্ত আইন পরিবর্তন করা হয়েছে। আইন পরিবর্তনের পর এসএসসি পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এতে ৪ হাজার ৫৮৫ জন অকৃতকার্য শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৯ জন।
তিনি বলেন, খাতা মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের দক্ষতা ও অভিজ্ঞতার ঘাটতি দূর করতে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। মূল্যায়নে কোনো ধরনের অনিয়ম বা অবহেলা পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
এ সময় এইচএসসি পরীক্ষার সময় কুমিল্লা মহিলা কলেজ কেন্দ্রে জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের ভোগান্তির বিষয়টিও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রশাসনিক দুর্বলতার কারণে ওই কেন্দ্রে পরীক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হয়েছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি করে। পরে ওই কেন্দ্রে পুনরায় পরীক্ষা নেওয়া হলেও মাত্র ৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
এ প্রসঙ্গে গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ঘটনাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা উচিত নয়। শিক্ষাক্ষেত্রের কোনো বিষয় নিয়ে ছোট ঘটনাকে বড় করে প্রচার করলে তা জাতির জন্য ক্ষতিকর হতে পারে।
এদিকে শিক্ষাব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করতে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে বলেও জানান মন্ত্রী। এ বিষয়ে গুগলের সঙ্গে বৈঠক হয়েছে। শ্রেণিকক্ষের পাঠদান পর্যবেক্ষণ, আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়িয়ে শিক্ষার্থী এবং শিক্ষকদের পাঠদান কার্যক্রম আরও কার্যকর করার পরিকল্পনা রয়েছে সরকারের।
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, শুধু প্রযুক্তি কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর নির্ভরশীল হলে চলবে না। তথ্য জানার পাশাপাশি প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। তথ্যের চেয়ে জ্ঞান এবং জ্ঞানের পাশাপাশি বাস্তব দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।









