
ডেঙ্গু প্রতিরোধ এবং নগরবাসীর জন্য পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নগরজুড়ে এডিস মশার লার্ভা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে।
মঙ্গলবার (২১ জুলাই) কুসিকের উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় স্প্রে মেশিনের মাধ্যমে এডিস মশার লার্ভাসাইড প্রয়োগের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
কুসিক সূত্রে জানা যায়, এদিনের অভিযানে নগরীর ৩, ১১ ও ১৩ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক, আবাসিক এলাকা এবং বিভিন্ন গলিতে লার্ভাসাইড স্প্রে করা হয়। একই সঙ্গে চকবাজার ট্রাফিক মোড় থেকে সিএনজি স্টেশন পর্যন্ত বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।
এছাড়া ডিসি বাংলো, ম্যাজিস্ট্রেট কলোনি, জেলা জজ আদালত, জেলা প্রশাসকের কার্যালয় (ডিসি অফিস), পুলিশ সুপারের কার্যালয় (এসপি অফিস) এবং নগর শিশু উদ্যান ও পার্ক এলাকাতেও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
কুমিল্লা সিটি কর্পোরেশন জানিয়েছে, ডেঙ্গুর বিস্তার রোধে নিয়মিত মশক নিধন, লার্ভা ধ্বংস এবং পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি নগরবাসীকেও বাসাবাড়ি ও আশপাশে কোথাও যেন পরিষ্কার পানিতে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।










