
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে মহাসড়কের দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা বার্ষিক ভ্রমণের উদ্দেশ্যে সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের চারটি বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। ভোরে বাসগুলো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনাকবলিত বাসটিতে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। এতে অন্তত ২০ জন আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলেন— ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। বাসটিতে মোট ৪০ জন শিক্ষার্থী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হয়েছেন। আহত ৯ জনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।










