
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ১৫ শতাংশের নিচে থাকা কলেজগুলোকে ভালো ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার প্রস্তাব দিয়েছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফলে ইতিবাচক পরিবর্তন আনতে এ উদ্যোগের কথা জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।
সম্প্রতি শূন্য পাস করা ১৫টি কলেজের অধ্যক্ষদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এ তথ্য জানান কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ।
তিনি জানান, যেসব কলেজের পাসের হার শূন্য থেকে ১৫ শতাংশের নিচে, সেসব প্রতিষ্ঠানকে ভালো ফল করা কলেজের সঙ্গে একীভূত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে শিক্ষা মন্ত্রণালয়।
বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ছয় জেলা—কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীর মোট ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের ফলাফল পর্যালোচনা, শিক্ষার পরিবেশ এবং ভবিষ্যতে ফলাফল উন্নয়নে করণীয় নির্ধারণ করতেই অধ্যক্ষদের সঙ্গে বৈঠক করেন বোর্ড চেয়ারম্যান।
এদিকে, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন চারটি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানগুলো হলো—ময়নামতি ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, মুজাফফর আলী হাইস্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ এবং ফেনী গার্লস ক্যাডেট কলেজ।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, একদিকে শতভাগ পাস করা প্রতিষ্ঠান, অন্যদিকে শূন্য পাসের কলেজ—দুই ধরনের ফলাফলের পার্থক্য শিক্ষার মান ও প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।
বোর্ডের প্রস্তাব বাস্তবায়িত হলে কম পাসের হার থাকা কলেজগুলোর প্রশাসনিক ব্যবস্থাপনা ও শিক্ষা কার্যক্রমে পরিবর্তন আসতে পারে। তবে মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের আগে এ বিষয়ে কোনো পরিবর্তন কার্যকর হচ্ছে না।










