
সরাইল উপজেলা’র কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের কালিকচ্ছ ইউনিয়ন শাখার কোষাধ্যক্ষ আলমগীর মিয়াকে রাজনৈতিক মামলা থেকে রেহাই দিতে বিএনপির নেতা দাবি করে প্রত্যয়ন দেয়ার ঘটনায় দলীয় সাংগঠনিক ক্ষমতা হারিয়েছে কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া।
রবিবার (৮ নভেম্বর) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ.বি.এম সালাউদ্দিন বিপ্লব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মানিক মিয়া-র পদ স্থগিতের বিষয়টি উল্লেখ করে কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান খেলু মিয়া-কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।
এর আগে, চলতি বছরের ২৭ আগস্ট কালিকচ্ছ ইউনিয়নের চাকসার গ্রামের বাসিন্দা ও চিহ্নিত আওয়ামীলীগ নেতা আলমগীরকে একটি রাজনৈতিক মামলা থেকে রেহাই দিতে কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির দেয়া প্রত্যয়নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এ নিয়ে বেশ আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়।
পত্র-পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে গেলে দলীয় শৃঙ্খলার পরিপন্থী হওয়ায় কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক মানিক মিয়া কে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে উপজেলা বিএনপি। নোটিশ পেয়ে কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক হোসেন (২ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির নিকট লিখিত বক্তব্য প্রদান করলেও এ-সব বিষয়ে দীর্ঘদিন পার হলেও কর্ণপাত করেননি সাধারণ সম্পাদক মানিক মিয়া। যার ফলে সভাপতি ফারুক হোসেনের জবাবে সন্তুষ্ট হয়ে তাকে এই দায় থেকে সাময়িক অব্যাহতি দেয়া হলেও আজও পর্যন্ত সাধারণ সম্পাদকের বক্তব্য জানতে পারেনি দলের ঊর্ধ্বতন নেতারা। এরই মাঝে সভাপতির জবাব পাওয়ার পর আবারও দ্রুত সময়ের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় সাধারণ সম্পাদক মানিক মিয়াকে। এতেও তিনি সাড়া না দিলে জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় শৃঙ্খলা অনুসারে তার পর স্থগিত করা হয়েছে বলে
উপজেলা বিএনপির একাধিক দায়িত্বশীল ব্যক্তিবর্গ নিশ্চিত করেছেন।
এদিকে পদ স্থগিতের পর আজ (১০ নভেম্বর) বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন মোঃ মানিক মিয়া। তিনি দাবি করেন, একটি হত্যা মামলা আপোষ না করায় তার বিরুদ্ধে দলীয় ষড়যন্ত্র করা হয়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যে প্রণোদিত বলে মন্তব্য করেছেন সরাইল উপজেলা বিএনপি।
সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু বলেন, দলের নিয়মকানুন ও শৃঙ্খলার বাহিরে যাওয়ার সুযোগ কারোরই নেই। নিষিদ্ধ আওয়ামীলীগ কীংবা অন্য দলের পদধারী নেতা বা সমর্থকদের এনে বিএনপির প্রত্যয়ন দিয়ে তাদের বিএনপি সাজানো দলের শৃঙ্খলা বিরোধী। দল কোনো ব্যক্তির অপকর্মের দায় কাঁধে নিবে না। কালিকচ্ছ ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক’কে একাধিকবার শোকজ করেছি এবং সভাপতি জবাব দিলেও সাধারণ সম্পাদক দীর্ঘদিন সময় পেয়েও জবাব না দেয়ায় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। এটা আমার জেলা কমিটির সঙ্গেও আলোচনা করা হয়েছে উনারাও অবগত আছেন।
এডভোকেট নুরুজ্জামান লস্কর আরও বলেন, আমার বিরুদ্ধে মিথ্যাচার করার নিন্দা জানাচ্ছি। সাংবাদিকদের উদ্দেশ্যে বলি, তথ্য প্রমাণ ব্যতীত কারোর অসত্য, মনগড়া কথায় লেখালেখি করা থেকে বিরত থাকুন। যাচাই-বাছাই করে সত্যটা খুঁজে বের করায় সাংবাদিকদের দায়িত্ব।










