মঙ্গলবার ২৬ মে, ২০২৬

ঈদযাত্রায় নির্ধারিত ভাড়াই আদায় হচ্ছে, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ: সেতুমন্ত্রী

রাইজিং কুমিল্লা ডেস্ক

Rising Cumilla - The stipulated fare is being collected for Eid journey, people are returning home with relief-Bridges Minister
ঈদযাত্রায় নির্ধারিত ভাড়াই আদায় হচ্ছে, স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ: সেতুমন্ত্রী/ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়াই আদায় করছে এবং মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কিছুটা কম থাকায় সীমাবদ্ধতা রয়েছে। পাশাপাশি অনেক যাত্রীর চলন্ত গাড়িতে ওঠার প্রবণতাও ঝুঁকি বাড়াচ্ছে।

তিনি বলেন, “যাত্রীদের একটি অভ্যাস আছে, তারা চলন্ত পথে গাড়িতে উঠতে চান। কোনো যাত্রী সচেতন হয়ে অভিযোগ করলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছি।”

সড়কের ওপর পশুর হাট বসানোর অভিযোগের কথাও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, কিছু এলাকায় পশুর হাটে অতিরিক্ত ভিড়ের কারণে সড়ক পর্যন্ত হাট ছড়িয়ে পড়ছে, যা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে।

শেখ রবিউল আলম বলেন, “আমাদের পশু বিক্রি ও ঈদযাত্রা—দুটোই নিরাপদ রাখতে হবে। দুর্ঘটনা রোধে সরকারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাই যাত্রীদেরও সচেতন হতে হবে।”

তিনি আরও বলেন, “কিছু যাত্রী নিজেদের জীবনের নিরাপত্তার কথা ভাবছেন না। তবে অন্যান্য বছরের তুলনায় এবার মানুষ অনেক বেশি স্বস্তিতে এবং নির্ধারিত ভাড়ায় বাড়ি ফিরছে।”

এ সময় টার্মিনালে পরিবহন ব্যবস্থাপনা, যাত্রীসেবা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন