
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেছেন, জনগণের প্রতিনিধি হিসেবে যে কোনো নাগরিক বিপদে পড়লে তার জন্য কাজ করা একজন এমপির দায়িত্ব। সম্প্রতি এক ইউনিয়ন পরিষদ সদস্যকে দেওয়া সুপারিশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার প্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন।
মঙ্গলবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি বলেন, নির্বাচনের আগে তিনি সকলের কাছে ভোট চেয়েছেন এবং জনগণের ভোটেই নির্বাচিত হয়েছেন বলে বিশ্বাস করেন। তাই কুমিল্লা-৬ আসনের সকল মানুষের ভালো-মন্দ দেখার দায়িত্বও তার।
পোস্টে তিনি উল্লেখ করেন, জগন্নাথপুর ইউনিয়নের এক ইউপি সদস্য বেতন-ভাতাসংক্রান্ত একটি আবেদন নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সুপারিশের জন্য এসেছিলেন। জনপ্রতিনিধি হিসেবে ওই আবেদনে সুপারিশ করা তার দায়িত্বের মধ্যেই পড়ে বলে তিনি মনে করেন।
এমপি মনিরুল হক চৌধুরী আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তি কোনো মামলার আসামি কিনা বা মামলার বিস্তারিত তার জানা ছিল না। তিনি বলেন, “কোনো ব্যক্তি মামলার আসামি হলে তার বিচার করার দায়িত্ব আদালতের।”
সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়টি নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি সমালোচনাকারীদের ধন্যবাদ জানান। একই সঙ্গে জনপ্রতিনিধির দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে জানার আহ্বানও জানান তিনি।
পোস্টে কুমিল্লার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথাও তুলে ধরেন সংসদ সদস্য। তিনি জানান, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ ও ওয়াসা গঠন, সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধি, ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালু এবং বিকল্প সড়ক নির্মাণের সম্ভাব্যতা নিয়ে কাজ চলছে।
এছাড়া পদুয়ারবাজার এলাকায় রেল ওভারপাস সম্প্রসারণ ও আন্ডারপাস নির্মাণের কাজও চলমান রয়েছে বলে জানান তিনি।
সবশেষে কুমিল্লার উন্নয়নে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমার কাজে বাধা না হয়ে, ষড়যন্ত্র না করে কুমিল্লার উন্নয়নে সামিল হোন।”







