
কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসানের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলা ও মহানগরের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে মিছিল এবং অন্যান্য কর্মসূচি পালনের চেষ্টা করতে পারেন।
পুলিশের আশঙ্কা, এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী এসব কার্যক্রমে বাধা দিলে তাদের প্রতিও ক্ষোভ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে দেশের সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস)-কে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নামে ঝটিকা মিছিল, লিফলেট বিতরণ ও কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালী এলাকায় আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া বুধবার গণভবনের সামনে যুবলীগের একটি মিছিলও অনুষ্ঠিত হয়।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দলের কার্যক্রমের কারণে যাতে জননিরাপত্তা বিঘ্নিত না হয়, সে জন্য সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে।









