
চট্টগ্রামের চকবাজারে সমাজের সুবিধাবঞ্চিত, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কুরবানীর গোশত বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৯ মে ২০২৬) ১৬নং চকবাজার ওয়ার্ড জামায়াতের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, কুরবানীর আনন্দ শুধু বিত্তবানদের জন্য নয়, সমাজের গরীব, দুঃখী ও অসহায় মানুষেরও অধিকার রয়েছে। তাদেরকে এই আনন্দে অংশীদার করা ঈমানদারদের দায়িত্ব।
তিনি আরও বলেন, সামর্থ্যবানদের জন্য কুরবানী করা ওয়াজিব। পাশাপাশি কুরবানীর গোশত গরীব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ এবং আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার শিক্ষাও ইসলাম দিয়েছে।
নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সামর্থ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। কুরবানীর পশুর চামড়াতেও গরীব মানুষের অধিকার রয়েছে। কিন্তু বর্তমানে দেশের চামড়া শিল্প ধ্বংসের পথে। চামড়ার ন্যায্যমূল্য না থাকায় ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি গরীব মানুষও তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করে ব্যবসায়ীদের রক্ষা করতে হবে এবং চামড়া শিল্পকে লাভজনক খাতে পরিণত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে।
ওয়ার্ড জামায়াতের আমীর মুহাম্মদ শহীদুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও চকবাজার ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ ইলিয়াছ এবং ১৫নং বাগমনিরাম ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী তাওসিফ সুলতান রাফি প্রমুখ।









