শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬

অনিয়মের বিরুদ্ধে কঠোর হচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়, কুমিল্লা ও বগুড়ায় গঠন হবে নতুন জোন

রাইজিং কুমিল্লা ডেস্ক

RisingCumilla - Public Works Ministry to take a strict stance against irregularities, new zones to be established in Cumilla and Bogura.
অনিয়মের বিরুদ্ধে কঠোর হচ্ছে গণপূর্ত মন্ত্রণালয়, কুমিল্লা ও বগুড়ায় গঠন হবে নতুন জোন/ছবি: সংগৃহীত

সরকারি নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার, প্রকল্পের অর্থের অপচয়ের সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তবে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে কোনো কর্মকর্তাকে হয়রানি করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

সভায় গণপূর্ত অধিদপ্তরের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কুমিল্লা ও বগুড়ায় নতুন দুটি জোন গঠনের উদ্যোগের কথা জানান তিনি। মন্ত্রী বলেন, বিশেষ করে কুমিল্লা জোনের অধীনে অধিকসংখ্যক জেলা ও উপজেলা থাকায় প্রশাসনিক কার্যক্রমে চাপ তৈরি হচ্ছে। এ চাপ কমিয়ে সেবার মান ও কার্যক্রমের গতি বাড়াতে নতুন জোন গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নির্মাণকাজের গুণগত মান, প্রকল্পের অগ্রগতি এবং সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ৩০ সদস্যের একটি বিশেষ মনিটরিং ও অডিট প্যানেল গঠনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও তদূর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, প্যানেলের সদস্যদের নিয়ে চার থেকে পাঁচজনের একাধিক দল গঠন করা হবে। এসব দল দেশের বিভিন্ন জেলা ও চলমান প্রকল্পে আকস্মিক পরিদর্শন করবে। কোনো নির্দিষ্ট দলকে স্থায়ীভাবে দায়িত্ব না দিয়ে পর্যায়ক্রমে সদস্য পরিবর্তন করা হবে। এর মাধ্যমে প্রকল্পের প্রকৃত অগ্রগতি, নির্মাণসামগ্রীর মান এবং ব্যয়ের স্বচ্ছতা যাচাই করা সম্ভব হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও অর্থনীতি পুনর্গঠনের চলমান উদ্যোগের কথা উল্লেখ করে জাকারিয়া তাহের বলেন, আগামী ১০ বছর তাঁর নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ কাজে লাগাতে পারলে বাংলাদেশের চেহারা বদলে যাবে। এ লক্ষ্য অর্জনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, সরকারি অর্থ জনগণের সম্পদ। তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থের অপচয়, অনিয়ম, দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

তিনি আরও বলেন, প্রকল্পের ব্যয় হতে হবে যৌক্তিক, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে এবং নির্মাণের গুণগত মান নিশ্চিত করতে হবে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার কিংবা কাজের মানের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সভায় স্বাগত বক্তব্য দেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন