সোমবার ২৫ মে, ২০২৬

৮৩২ কর্মীদের ঈদ উপহার দিল কুমিল্লা সিটি কর্পোরেশন, কোরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের লক্ষ্য

রাইজিং কুমিল্লা প্রতিবেদক

Rising Cumilla - Comilla City Corporation gives Eid gifts to 832 employees, aims to remove Qurbani waste in 8 hours
৮৩২ কর্মীদের ঈদ উপহার দিল কুমিল্লা সিটি কর্পোরেশন, কোরবানির বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণের লক্ষ্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোল স্টাফদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মে) সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে কুসিকের ৮৩২ জন কর্মীর হাতে মোট ৪১ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তিনি কর্মীদের হাতে ঈদ উপহারের অর্থ তুলে দেন এবং নগর পরিচ্ছন্নতায় তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগর পরিচ্ছন্নতায় নিয়োজিত কর্মীদের জন্য এই ঈদ উপহার পাঠানো হয়েছে। প্রত্যেক কর্মীকে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।

এসময় তিনি আরও জানান, ঈদুল আজহার সময় নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে কুসিক ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১০ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা থাকলেও কুসিক ৮ ঘণ্টার মধ্যেই কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

ঈদ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন পরিচ্ছন্নতা কর্মীরাও। পরিচ্ছন্ন কর্মী আবুল হাসান বলেন, অতীতে তারা এমন ঈদ উপহার পাননি। বর্তমান প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পাচ্ছেন তারা। এজন্য তিনি প্রধানমন্ত্রী ও কুসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে পরিচ্ছন্ন নগরী উপহার দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন চিশতীসহ কুসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

আরও পড়ুন