শনিবার ২০ জুন, ২০২৬

৫০ হাজার টাকা পুরস্কারের আশায় জীবিত রাসেলস ভাইপারের বাচ্চা নিয়ে হাজির কৃষক

রাইজিং ডেস্ক

Farmers came with live Russell's viper cubs hoping for a reward of Tk 50,000
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নেতার ঘোষিত পঞ্চাশ হাজার টাকা পুরস্কারের আশায় নিজেকে সুরক্ষিত রেখে জীবিত রাসেলস ভাইপার সাপ নিয়ে ফরিদপুর প্রেসক্লাবে হাজির হন স্থানীয় কৃষক রেজাউল খান। 

শনিবার (২২ জুন) সন্ধ্যায় ‌ফরিদপুর প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সামনে জীবিত ‌রাসেলস ভাইপার সাপ দেখান।

রেজাউল খান সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড এলাকার মনোরুদ্দিন খানের ছেলে।

এ বিষয়ে রেজাউল সাংবাদিকদের বলেন, ‘শনিবার বিকেলে জেলা সদরের আলিয়াবাদ ইউনিয়নের সাইনবোর্ড এলাকার ফসলি জমিতে চাষ করার সময় এ রাসেলস ভাইপারটি দেখতে পাই। পরবর্তীতে স্থানীয় জনগণের সহায়তায় সাপটিকে অ্যালুমিনিয়ামের পাতিলে ভরে ফেলি। পরে প্লাস্টিকের নেটের আবরণ দিয়ে পাতিলের মুখ বন্ধ করে দিই।’

রেজাউল আরও বলেন, ‘স্থানীয়দের কাছে জেনেছি, জীবিত রাসেলস ভাইপার সাপ ধরতে পারলে ফরিদপুরের নেতারা পুরস্কার দেবেন। এ কারণেই জীবিত সাপটি ধরে এনেছি।’

রেজাউল পেশায় কৃষক তবে মাছ ধরার কাজও করেন। রেজাউল জানান, দুই দিন আগেও তিনি একটি রাসেলস ভাইপার সাপ মেরেছেন। বিকালে মাছ ধরতে গিয়ে এই সাপটি দেখতে পান। পরে তোয়ালে দিয়ে পেঁচিয়ে সাপটিকে ধরে ফেলেন।

প্রসঙ্গত, গত ২০ জুন জেলা আওয়ামী লীগের একটি মিটিংয়ে রাসেলস ভাইপার সাপ নিয়ে আলোচনা হলে জেলা আওয়ামী লীগের সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ রাসেলস ভাইপার সাপ মারতে পারলে ৫০ হাজার টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন। সেই ভিডিও ছড়িয়ে পড়ার একদিন পরেই সেই অবস্থান থেকে সরে আসেন তিনি।

আরও পড়ুন