
চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় এখন পর্যন্ত ৪৮ হাজার ৬৪৩ জন শিশু টিকা নিয়েছে। সারাদেশে এ কর্মসূচিতে টিকা নিয়েছে এক কোটি ৯৭ লাখ ৭১ হাজার ৭২০ জন শিশু, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর সরকার ধাপে ধাপে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দফায় গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হয়। এরপর ১২ এপ্রিল ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, বরিশাল ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনে এবং সর্বশেষ ২০ এপ্রিল সারাদেশে একযোগে এ কর্মসূচি শুরু করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হাম-রুবেলা টিকার সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এখন পর্যন্ত কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ৪৮ হাজার ৬৪৩ জন শিশু হাম-রুবেলার টিকা পেয়েছে।
চট্টগ্রাম বিভাগে এ পর্যন্ত ৪৮ লাখ ৪১ হাজার ৯২৪ জন এবং ঢাকা বিভাগে ৪৯ লাখ ১৯ হাজার ৯১৩ জন শিশু টিকা নিয়েছে। এছাড়া বরিশাল বিভাগে ১১ লাখ ১০ হাজার ৬৯৮, খুলনায় ১৬ লাখ ৯৫ হাজার ৭৭৯, ময়মনসিংহে ১৫ লাখ ৩০ হাজার ৯১৬, রাজশাহীতে ২২ লাখ ১৩ হাজার ১৯৭, রংপুরে ২০ লাখ ৭৩ হাজার ৪৮৮ এবং সিলেট বিভাগে ১৩ লাখ ৮৫ হাজার ৮০৫ জন শিশু টিকা পেয়েছে।
সিটি কর্পোরেশনগুলোর মধ্যে বরিশালে ৪৪ হাজার ১১৯, চট্টগ্রামে ৩ লাখ ৩৬ হাজার ৮৭০, ঢাকা উত্তরে ৫ লাখ ৫৭ হাজার ৬৮৮, ঢাকা দক্ষিণে ৪ লাখ ১৮ হাজার ৯৭২, গাজীপুরে ২ লাখ ৬ হাজার ৯২৭, নারায়ণগঞ্জে ৮৩ হাজার ৬৯৭, খুলনায় ৯৬ হাজার ৭৯২, ময়মনসিংহে ৬২ হাজার ৩০৫, রাজশাহীতে ৬৩ হাজার ৫৯, রংপুরে ৮২ হাজার ২৫৩ এবং সিলেটে ৭২ হাজার ৩৪৯ জন শিশু হাম-রুবেলার টিকা নিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুরুতে সারাদেশে প্রায় এক কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল এক কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। তবে সরকারের বিভিন্ন উদ্যোগ ও ব্যাপক প্রচারের ফলে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত টিকা গ্রহণের হার বেড়ে ১০৯ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে।
তবে দেশে এখনও হামের প্রাদুর্ভাব থাকায় আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে আবারও ব্যাপকভাবে হাম প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান গণমাধ্যমকে বলেন, শিশুদের টিকা দেওয়া একটি চলমান প্রক্রিয়া। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে সারাদেশে ব্যাপকভাবে শিশুদের হামের টিকা দেওয়ার ঘোষণা সরকারের বাড়তি তৎপরতার অংশ।
তিনি বলেন, এ কর্মসূচির মূল লক্ষ্য হলো—কোনো শিশু যেন টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে।









