
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে ১১ দলীয় জোটের প্রার্থীর মনোনয়নপত্র জমা দেন ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। এ সময় জোটের শরিক দলগুলোর কয়েকজন নেতাও উপস্থিত ছিলেন।
অলি আহমদের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। সমর্থক হিসেবে রয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির নেতা আব্দুল্লাহ আল আমিন।
পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, আগামী রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
আগামী ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার সরকারি দল ও বিরোধীদলীয় প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
ইসি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।
নির্ধারিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট (বৃহস্পতিবার) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।








