
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. জিহাদ মজুমদার (২৫) নামে কুমিল্লার এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে সৌদি আরবের জেদ্দা শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ মজুমদার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রামপুর এলাকার মৃত ইসহাক মজুমদারের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে প্রায় দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমান জিহাদ। সেখানে তিনি একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে জেদ্দার একটি সড়কে দুর্ঘটনার শিকার হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দেশে মৃত্যুর খবর পৌঁছানোর পর পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। দক্ষিণ রামপুর এলাকায়ও বিরাজ করছে শোকের আবহ।
স্থানীয়রা জানান, জিহাদ অত্যন্ত পরিশ্রমী, ভদ্র ও নম্র স্বভাবের একজন যুবক ছিলেন। পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে প্রবাসে গেলেও ভাগ্যের নির্মম পরিহাসে অকালে প্রাণ হারাতে হলো তাকে।
নিহতের পরিবারের সদস্যরা দ্রুত সময়ের মধ্যে জিহাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস এবং কুমিল্লা জেলা প্রশাসনের জরুরি সহযোগিতা কামনা করেছেন।











