
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ ৪২ হাজার টাকার বিভিন্ন চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) জানিয়েছে, তাদের অধীনস্থ তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা, হিজলদী, মাদরা ও চান্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্টের টহলদল পৃথক অভিযানে এসব পণ্য জব্দ করে।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ এবং ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
তলুইগাছা বিওপির আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চৌরঙ্গী মোড় এলাকা থেকে প্রায় ৩ লাখ ৬ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এছাড়া কালিয়ানী বিওপির সদস্যরা নীলকুঠি এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করেন।
কাকডাঙ্গা বিওপির বিশেষ দল কলারোয়া উপজেলার দখলের মোড় এলাকা থেকে ১৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ উদ্ধার করে।
অন্যদিকে মাদরা বিওপির সদস্যরা শ্মশানঘাট এলাকা থেকে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেন। হিজলদী বিওপি হিজলদী এলাকা থেকে ১ লাখ ৬০ হাজার ৯০০ টাকা মূল্যের একই ধরনের পণ্য আটক করে।
এছাড়াও চান্দুরিয়া বিওপির টহলদল কাদপুর এলাকা থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।
বিজিবি জানিয়েছে, পৃথক এসব অভিযানে মোট ১৩ লাখ ৪২ হাজার ১০০ টাকা মূল্যের চোরাচালানী ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।








