
প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ঐতিহ্যবাহী ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন। শনিবার (১৩ জুন) দুপুর ২টার দিকে পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন ও পরিদর্শন শেষে তিনি সাফারি পার্কে যান। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সঙ্গে ছিলেন।
পার্কে পৌঁছে প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা রহমান বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং বন্যপ্রাণীর বিচরণস্থল পরিদর্শন করেন। সফরকালে প্রধানমন্ত্রীকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়।
এর আগে সকালে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির স্থানে যান। গাড়ির সামনের আসনে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে সেখান থেকে আবারও নিজেই গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা হন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সড়কের দুই পাশে হাজারো সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মী ভিড় করেন। তারা ফুল ছিটিয়ে, হাত নেড়ে এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
উল্লেখ্য, কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় অবস্থিত সাফারি পার্কটি দেশের প্রথম সাফারি পার্ক হিসেবে পরিচিত। পাহাড়, বনভূমি, জলাধার এবং উন্মুক্ত পরিবেশে বিচরণকারী বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী নিয়ে এটি দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ।
চট্টগ্রাম শহর থেকে পার্কটির দূরত্ব প্রায় ১০৭ কিলোমিটার এবং কক্সবাজার শহর থেকে প্রায় ৪৭ কিলোমিটার। ১৯৮০-৮১ অর্থবছরে ৪২ দশমিক ৫ হেক্টর বনভূমির ওপর একটি হরিণ প্রজননকেন্দ্র হিসেবে এর যাত্রা শুরু হয়। পরবর্তীতে এটিকে দেশের প্রথম সাফারি পার্ক হিসেবে উন্নীত করা হয়।










