
দেশজুড়ে হাম রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় সরকারি সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোগীর সংক্রমণ নিয়ন্ত্রণ এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে হাম ও সন্দেহজনক হাম রোগীদের জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন চালুর নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, সরকারি হাসপাতালগুলোতে হাম আক্রান্ত ও সন্দেহভাজন রোগীদের পৃথকভাবে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইসোলেশন ব্যবস্থাও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন সকাল ও বিকালে বিশেষজ্ঞ চিকিৎসকদের রাউন্ড দিতে হবে, যাতে রোগীরা দ্রুত ও সঠিক চিকিৎসাসেবা পান।
এছাড়া রোগীর সঙ্গে একজনের বেশি অভিভাবক বা দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। হাসপাতালে ভর্তি হাম রোগীদের তথ্য প্রতিদিন এমআইএস সার্ভারে আপলোড করার নির্দেশও দেওয়া হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় পৃথক ওয়ার্ড চালু এবং আইসোলেশন ব্যবস্থা কার্যকর করা সময়োপযোগী সিদ্ধান্ত। এর মাধ্যমে হাসপাতালভিত্তিক সংক্রমণ অনেকাংশে কমানো সম্ভব হবে বলে তারা মনে করছেন।









