
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সড়কের ওপর বিশাল আকৃতির একটি গাছ ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা জানমালের ক্ষয়ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার সকালে শিদলাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলী নেওয়াজ আলীর বাড়ির সামনের ব্যস্ততম সড়কে হঠাৎ গাছটি ভেঙে পড়ে। এতে সড়কের মাঝখানে গাছ পড়ে পুরোপুরি বন্ধ হয়ে যায় যান চলাচল। ফলে ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।
স্থানীয়রা জানান, ঘটনার পর ওই সড়ক দিয়ে যাওয়ার সময় বিষয়টি নজরে আসে শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরের। তিনি বিলম্ব না করে নিজস্ব উদ্যোগে লোকবল ও প্রয়োজনীয় সরঞ্জাম এনে সড়ক থেকে গাছটি অপসারণের ব্যবস্থা করেন।
কিছুক্ষণের মধ্যেই গাছটি সরিয়ে সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। পরে স্বাভাবিক হয় ওই সড়কের যোগাযোগ ব্যবস্থা।
চেয়ারম্যানের এমন তাৎক্ষণিক উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সামাজিক যোগাযোগমাধ্যমেও দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করে দেওয়ায় তার প্রশংসা করছেন অনেকে।
এলাকাবাসী জানান, আকস্মিকভাবে সড়কে গাছ পড়ে যাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছেন পথচারী ও স্থানীয়রা। এ জন্য তারা শিদলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।









