
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হলো। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় প্রথমবারের মতো ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে এই কার্যক্রম শুরু হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কার্যক্রম এবং জাতীয় গ্রিডের সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে এটিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক পরীক্ষার অংশ হিসেবে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা যাচাই করা হবে।
প্রথম ধাপের পরীক্ষা সম্পন্ন হলে কেন্দ্রটিকে সাময়িকভাবে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। এরপর প্রায় ২৮ ঘণ্টা বিরতি দিয়ে পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করা হবে। এ পর্যায়ে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন কারিগরি ও পরিচালনসংক্রান্ত বিষয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
পরীক্ষামূলক কার্যক্রমের প্রতিটি ধাপে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি ও ব্যবস্থার কর্মক্ষমতা, টারবাইন-জেনারেটরের কার্যকারিতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সমন্বয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
সংশ্লিষ্টরা জানান, সব কারিগরি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে পরবর্তী ধাপে পরীক্ষামূলক পরিচালনার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বিএইআরএ) অনুমোদন নিতে হবে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর পুনরায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে পরবর্তী পরীক্ষার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রায় ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষ হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে। এ প্রক্রিয়ায় প্রথম ইউনিটটি প্রাথমিকভাবে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী সময়ে সরকারি গেজেট বা প্রজ্ঞাপনের মাধ্যমে পরিচালন সংস্থা হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) দায়িত্ব পালন শুরু করবে।
উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। সে হিসাবে কেন্দ্রটির দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।
দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা জোরদার এবং নিরবচ্ছিন্ন ও টেকসই বিদ্যুৎ উৎপাদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।










