শনিবার ১৮ এপ্রিল, ২০২৬

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন নিলেন অভিনেত্রী চমক

বিনোদন ডেস্ক

Rising Cumilla - Rukaia Jahan Chamak
রুকাইয়া জাহান চমক/ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ইতোমধ্যেই এই আসনে মনোনয়ন পেতে বেশ কয়েকজন তারকা বিএনপির ফরম সংগ্রহ করেছেন। তাদের মধ্যে রয়েছেন কনকচাঁপা, রিজিয়া পারভীন এবং বেবী নাজনীন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চমক। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৭ এপ্রিল) থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ওইদিন বিকেলে সাক্ষাৎকার পর্বে অংশ নেন চমক। সাক্ষাৎকার শেষে তাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়।

সাক্ষাৎকার-পরবর্তী প্রতিক্রিয়ায় চমক বলেন, তিনি দেশের জন্য কাজ করতে চান, বিশেষ করে নারীদের উন্নয়নে অবদান রাখতে আগ্রহী। তার ভাষায়, একটি কার্যকর প্ল্যাটফর্মের প্রয়োজন ছিল এবং তিনি মনে করেন বিএনপির সঙ্গে যুক্ত হলে তার পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তার আলোচনা হয়েছে এবং সেই আলোচনাগুলো ইতিবাচক মনে হয়েছে। মনোনয়ন পাওয়ার ব্যাপারেও তিনি শতভাগ আশাবাদী বলে উল্লেখ করেন এবং দলীয় সিদ্ধান্ত ইতিবাচকভাবে মেনে নেবেন বলেও জানান।

এদিকে, শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়ে নতুন যাত্রার ইঙ্গিত দেন চমক। কিছুটা রহস্য রেখে তিনি লেখেন, “নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।”

উল্লেখ্য, অভিনয়ের মাধ্যমে অল্প সময়েই দর্শকপ্রিয়তা অর্জন করেছেন রুকাইয়া জাহান চমক। ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মাধ্যমে শোবিজে তার যাত্রা শুরু। এরপর ছোটপর্দার পাশাপাশি একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি কনটেন্ট তৈরিতেও নিজের স্বকীয়তা দিয়ে দর্শকদের মাঝে সাড়া ফেলেছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন