
কুমিল্লার লালমাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভা ও সমাবেশ শেষে একটি র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভূশ্চি বাজার পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে শেষ হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাস্টার শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-কৃষিবিষয়ক সম্পাদক এমদাদুল হক মজুমদার।
সমাবেশে বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে কুমিল্লা দক্ষিণ জেলা ও লালমাই উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










